রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে, ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে ভারতের অসংখ্য পড়ুয়া। তাদের মধ্যে মেডিক্যাল পড়ুয়ারাও রয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে অনেকেই ভারতে ফিরে এসেছে।
বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ অ্যাভডিভের মন্তব্য, ভারতীয় পড়ুয়াদের রাশিয়ায় স্বাগত জানানো হবে। ভারতীয়রা তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে রাশিয়াকে বেছে নিতে পারে। তিনি বলেন, ‘‘যে সমস্ত ভারতীয় পড়ুয়া ইউক্রেন ছেড়ে চলে গিয়েছে, তারা রাশিয়ায় গিয়ে তাদের মেডিক্যালের পড়াশোনা শেষ করতে পারে। কারণ দু’দেশের (ইউক্রেন এবং রাশিয়া) মেডিক্যালের পাঠ্যক্রম প্রায় একই রকম। রাশিয়ায় তাদের (ভারতীয় পড়ুয়ারা) স্বাগত।’’
ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণা পর থেকে, ইউক্রেন ছাড়তে শুরু করে ভারতীয় নাগরিকেরা। তাদের মধ্যে মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। কারণ, ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়িয়েছে। যদিও শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, ‘স্বল্পমেধার’ মেডিক্যাল পড়ুয়াদের পিছনের দরজা দিয়ে এ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকানো হবে না। যদিও ফাইনাল ইয়ারের মেডিক্যাল পডুয়াদের এ ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় সরকার বলেছে, ‘‘যে সমস্ত ভারতীয় পড়ুয়া মেডিক্যালের শেষবর্ষে পাঠরত ছিলেন, কিন্তু কোভিড এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বিদেশে মেডিক্যাল কোর্স ছাড়তে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে যারা ৩০ জুন বা তার আগে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোর্স সমাপ্তির সার্টিফিকেট পেত, তারা ফরেন মেডিক্যাল গ্রাজুয়েট একজ়ামিনেশন (এফএমজিই)-এ বসার অনুমতি পাবে।’’




