গৌরনদী (বরিশাল) প্রতিনিধিছ: অশান্ত হয়ে উঠছে বরিশাল-ঢাকা মহাসড়ক। মহাসড়কের পাশের জঙ্গল থেকে অচেতন অবস্থায় মুখ, হাত-পা বাঁধা এক যুবককে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁরাকুপি পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্র সংলগ্ন জঙ্গলের মধ্যে থেকে ইজি বাইক চালক এনামূল মৃধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গৌরনদী মডেল থানার এসআই শাহজাহান জানান, উপজেলার শাহাজিরা গ্রামের করিম মৃধার পুত্র এনামূল মৃধা ইজিবাইক নিয়ে ওই দিন সকালে নিজ বাড়ি থেকে বের হয়। দুপুরে খবর পেয়ে মহাসড়কের পাশের জঙ্গল থেকে এনামূলকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারী চক্র চালকে অচেতন করে মুখ ও হাত-পা বেধে সড়কের পাশে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে। এনামূল একটু সুস্থ্য হলে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য গত এক মাসে মহাসড়কের গৌরনদী এলাকার বিভিন্ন পয়েন্টে ছিনতাই অহরহ ঘটছে।মলম পার্টির কবলে পরে সর্বস্য হারাচ্ছেন যাত্রিরা ।



