বিংশ শতাব্দীর প্রথমার্ধের অবিভক্ত বাংলার বুদ্ধির মুক্তি আন্দোলন ও মুসলিম সাহিত্য সমাজের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঝিকরগাছা জনপদের আবুল হুসেনকে কেন্দ্র করে রচিত কবি মোহাম্মদ শামছুজ্জামানের উপন্যাস ‘নিষুপ্ত জাগরণ’র ওপর এক গভীর ও মননশীল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বিজ্ঞান ও সংস্কৃতি’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচকরা বইটির বিষয়বস্তু, উপস্থাপনশৈলী এবং লেখককের গভীর অনুভবের নির্যাস নিয়ে বিস্তারিত আলোকপাত করেন|
আবুল হুসেনের জীবন ও দর্শন বাঙালি জীবনের নিরিখে কতটা প্রাসঙ্গিক, তা এই উপন্যাসে কতটা নিপুণভাবে উঠে এসেছে তা ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক| আলোচনায় অংশ নিয়ে ‘বাংলাদেশ লেখক শিবির’র সভাপতি ও অধ্যক্ষ পাভেল চৌধুরী বলেন, “আবুল হুসেন কেবল একটি নাম নয়, তিনি একটি স্বপ্ন ও সাধনার নাম|
তিনি ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলন ও শিখা গোষ্ঠীর প্রধান রূপকার| মাত্র ৪২ বছরের অল্প আয়ুষ্কালে তিনি পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জাগরণ ও আলোকায়নের জন্য যে ত্যাগ করেছেন, তা আমাদের অনুপ্রেরণার উৎস|” অনুষ্ঠানে উপন্যাসের প্রেক্ষাপট ও বর্তমান সময়ের সঙ্গে এর প্রাসঙ্গিকতা নিয়ে সাতজন দেশবরেণ্য সাহিত্যিক, সম্পাদক, চিত্রশিল্পী ও অধ্যাপক আলোচনা করেন|
সাহিত্যিক নাজনীন সাথী ও কবি অনার্য নাঈম উপন্যাসের বিভিন্ন দিক তুলে ধরেন| এছাড়া অনুষ্ঠানে সাহিত্যিক পাভেল চৌধুরী, ফজলুল হক, ইমরান মল্লিক, মাহফুজ সালাম, মণি হায়দার ও শিশির মল্লিকসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
উল্লেখ্য, প্রায় সাড়ে ৫০০ পৃষ্ঠার এই বৃহৎ উপন্যাসে বিশ শতকের প্রথমার্ধের বাংলা, ভারত ও বিশ্ব রাজনীতির পাশাপাশি বহু আলোকিত মানুষের জীবনচিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে| বক্তারা ‘নিষুপ্ত জাগরণ’ বইটির বহুল পাঠ ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন|
তারা বলেন, নতুন প্রজন্মের কাছে আবুল হুসেনের আদর্শ ও তৎকালীন সময়ের সমাজ পরিবর্তনের ইতিহাস তুলে ধরতে এই উপন্যাসটি একটি অনন্য দলিল হিসেবে কাজ করবে|




