সরকার বিরোধী রাজনীতির সুযোগ বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তুলে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, নারীদেরও এখন রাজনীতি করার অধিকার নেই
রোববার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আজকে বিরোধী রাজনীতির সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে নারীরাও আক্রান্ত, তারা রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারছে না।”
নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ আলোচনা সভা হয়।
নজরুল ইসলাম বলেন, “বেগম রোকেয়া যেমন একটা বিরূপ পরিস্থিতিতে তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেভাবে শেষদিন পর্যন্ত লড়াই করেছেন, বিজয়ী হয়েছেন এবং পরবর্তি যে বিজয়, তার পথ প্রশস্ত করেছেন, বিজয়ের দিকনির্দেশনা দিয়েছেন। আমাদেরকেও সেই পথ অনুসরণ করে আজকের দিনের লড়াইয়ে বিজয়ী হতে হবে এবং আগামী দিনের লড়াইগুলোতে যারা আসবেন, তাদের জন্য আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করতে হবে।”
দশম সংসদের বিরোধী দলের সমালোচনা করে নজরুল বলেন, “যে বিরোধী দল আছে, তারা উপরেও আছে, নিচেও আছে, তামাকও খায়, দুধও খায়, মন্ত্রীও আছেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূতও আছেন, আবার বিরোধী দলেও আছে। লজ্জা-শরমও নাই তাদের।”
নারী অধিকার আদায়ে মহিলা দলকে আন্দোলনে সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে নজরুল বলেন, “আজকে আমরা বলি, নারী অধিকার অর্জিত হচ্ছে, নারীর ক্ষমতায়ন হচ্ছে, অনেককিছু। কিন্তু আজকের বাংলাদেশে নারীর জীবন অনিশ্চিত, নারীর সম্ভ্রম অনিশ্চিত।
“তাই নারীদের জীবন-সম্ভ্রম রক্ষায় আন্দোলনের উদ্যোগ নিতে হবে। এর নেতৃত্ব দিতে হবে জাতীয়তাবাদী মহিলাদলকে। যেখানেই নারী নিগৃহিত, নির্যাতিত, যেখানেই নারীর অধিকার ভুলন্ঠিত সেখানেই কঠিন, কঠোর ও সক্রিয় অবস্থান নিয়ে দাঁড়াবে মহিলা দল।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন ইসলামের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী ইসলাম, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলাদল বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা প্রমুখ।



