শিশুসহ ৫ জনকে ছুরিকাঘাতের পর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ব্যাপক সহিংসতা

শিশুসহ ৫ জনকে ছুরিকাঘাতের পর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ব্যাপক সহিংসতা

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় সেখানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে উত্তাল ডাবলিন। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ব্যাহত হয়ে পড়েছে শহরে গণপরিবহন চলাচল। দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা ডাবলিনে গাড়ি পুড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে অনেক দোকানে লুটের ঘটনা ঘটেছে।

ডাবলিনের পার্নেল স্কয়ার ইস্টে ছুরি হামলায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়। এতে আরও দুই শিশু ও প্রাপ্ত বয়স্ক আহত হয়। যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় দেড়টায় হামলার ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীর জাতীয়তা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। যদিও দেশটির পুলিশ শুধু জানায়, হামলাকারী একজন ৫০ বছর বয়সী। এমন পরিস্থিতিতে ‘ভুয়া তথ্যে’ কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেছেন আয়ারল্যান্ডের পুলিশপ্রধান ড্রিউ হ্যারিস।

ডাবলিনে বিক্ষোভ ও সহিংসতা নিয়ে আয়ারল্যান্ডের বিচারবিষয়ক মন্ত্রী হেলেন ম্যাকএন্টি বলেছেন, শহরে যে পরিস্থিতি দেখা গেছে এবং পুলিশের ওপর যে হামলা হয়েছে, তা সহ্য করা হবে না। এই কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিগত কয়েক বছরের মধ্যে ডাবলিনে এমন বড় আকারের বিক্ষোভ দেখা যায়নি। বিক্ষোভকারীদের ঠেকাতে শহরের রাস্তায় রায়ট পুলিশ নামানো হয়েছে। এই পুলিশ সদস্যদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। তাদের অনেকে আতশবাজি পুড়িয়ে প্রতিবাদ জানান। রাজধানীর ও’কনেল সেতুর কাছে আগুন লাগিয়ে দেওয়া কয়েকটি যানবাহন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

আয়ারল্যান্ডে আবাসনের তীব্র সংকট চলছে। সাধারণ মানুষের বসবাসের জন্য দেশটিতে লাখো বাসাবাড়ির অভাব রয়েছে বলে অনুমান আইরিশ সরকারের। এরই মধ্যে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে আয়ারল্যান্ডের নাগরিকদের মধ্যে। উগ্র ডানপন্থীরা আবার অভিবাসনবিরোধী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাদের দাবি, ‘আয়ারল্যান্ডের সব জায়গা পূর্ণ হয়ে গেছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।