শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে।
রোববার (২৯ সেপ্টেম্বর) র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার একটি মামলার পলাতক আসামি ছিলেন।
গ্রেপ্তারের পর খলিলুর রহমানকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।



