বিশেষ প্রতিবেদকঃ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১২,০০০ টাকা থেকে ২০,০০০টাকা ও নববর্ষ ও বিজয় দিবস বোনাস দ্বিগুণ করা জরুরী বলে জানিয়েছেন জনাব শাজাহান খান এমপি।
সোমবার জাতীয় সংসদের বৈঠকে জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ের উপর বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মনযোগ আকর্ষণ করে সাংসদ শাজাহান খান এসব কথা বলেন।
গতবছরের জুলাই মাস থেকে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা, দুই ঈদে সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং ৬ হাজার টাকা বিজয় দিবস ভাতা ও তিন হাজার টাকা নববর্ষ ভাতা করেছে সরকার।
এবার পঞ্চম ধাপে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা আরও ৮ হাজার টাকা করে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং নববর্ষ ও বিজয় দিবস বোনাস দ্বিগুণ করার প্রস্তাব।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশে এখন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩৭৮। ভাতা পাচ্ছেন ১ লাখ ৮৭ হাজার ৯৮২ জন। সাধারণ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরাও মাসিক ভাতা পাচ্ছেন। এর মধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ শ্রেণি (পঙ্গুত্বের হার ৯৬-১০০ ভাগ) ৪৫ হাজার, বি শ্রেণি (পঙ্গুেেত্বর হার ৬১-৯৫ ভাগ) ৩৫ হাজার, সি শ্রেণি (পঙ্গুত্বের হার ২০-৬০ ভাগ) ৩০ হাজার টাকা এবং ডি শ্রেণির (পঙ্গুত্বের হার ১-১৯ ভাগ) যুদ্ধাহতরা ২৫ হাজার টাকা মাসিক ভাতা পাচ্ছেন। এ ছাড়া সাত বীরশ্রেষ্ঠর পরিবারের মাসিক ভাতা ৩৫ হাজার, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ৩০ হাজার এবং মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার ২৫ হাজার টাকা ভাতা পাচ্ছে।