বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি কিশোরকে দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দুই বছর আগে এরা ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা কিশোরেরা হলেন, রাজশাহীর আব্দুল শেখের ছেলে আব্দুল আজিজ লাবু (১৬), নড়াইলের কাজী মাকসুদ আহমেদের ছেলে কাজী শাহারিয়ার (১৭) ফেরত আসা কিশোরদের গ্রহনকারী যশোরের জাস্টিস এন্ড কেয়ারের প্রোগ্রামার অফিসার অপূর্ব কুমার সাহা জানান, আইনী সহয়তা দিতে দুই কিশোরকে গ্রহন করা হয়েছে। পরে তাদেরকে যশোর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভুক্তভোগীরা কিশোরেরা জানান, কাজের কথা বলে প্রতিবেশি তাদেরকে সীমান্তপথে ভারতে বোম্বাই নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বোম্বাই পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। পরে তাদের আশ্রয় হয় একটি বেসরকারী এনজিও সংস্থার শেল্টার হোমে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আইনী প্রক্রিয়ায়ার মাধ্যমে তারা ট্রাভেল পারমিটে দেশে ফেরত আসে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনের আইনী প্রক্রিয়া শেষে কিশোরদেরকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।




