আন্তর্জাতিক ডেস্ক: বিজয়া দশমীর পর দিনই বাংলার মাটিতে বড়সড় সাম্প্রদায়িক অশান্তি লাগানোর পরিকল্পনা করছে বিজেপি, আরএসএস-সহ একাধিক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। আর এই চক্রান্তের পিছনে রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি’র এক সক্রিয় কর্মীর বয়ানে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
হিন্দু সংহতির এক সদস্যের ফাঁস করা তথ্যের সূত্র ধরে বেসরকারি এক সংবাদ সংস্থার একটি তদন্তকারী দল বিজেপি’র দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এবং রাজ্য বিজেপির পর্যবেক্ষক সন্তোষ কুমারের সঙ্গে যোগাযোগ করে। তদন্তের সময় সন্তোষ কুমার স্বীকার করেন যে, তাঁরা পশ্চিম বাংলায় বিজয়া দশমীর পরের দিন সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চক্রান্ত রচনা করেছেন। তিনি আরও বলেন, বাংলার বিভিন্ন প্রান্তে হিংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার জন্য কয়েকজন বর্ষীয়ান নেতাদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। সন্তোষ কুমার স্বীকার করেন, সম্প্রতি তিলজলা মসজিদে আক্রমণের মূলে তাঁদের গ্রুপটিই ছিল। সেই মসজিদে দু’দিন নামাজে আসতে বাধা দিয়েছিল তাঁদের দলের সদস্যরাই। সন্তোষবাবুর মতে, এই ধরণের গোপন ষড়যন্ত্রে বিজেপি’র শীর্ষস্থানীয় নেতারাই এই কর্মকাণ্ড রচনা করেছেন। তাঁর দেওয়া বয়ান অনুযায়ী, এই গুপ্ত দলের সদস্যদের মধ্যে জেলার সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিজেপি’র মহিলা মোর্চা ইউনিট – অনেকেই এর সঙ্গে যুক্ত। নামের তালিকায় থাকা লোকেদের সঙ্গে কেন্দ্র ও রাজ্য বিজেপি নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গুপ্ত ঘাতকদের সঙ্গে বিজেপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, স্মৃতি ইরানী এবং রূপা গাঙ্গুলীর ঘনিষ্ঠ ছবিও ওই সংবাদ মাধ্যম প্রকাশ করেছে।

সন্তোষ কুমারের দেওয়া নামের তালিকায় এই গুপ্ত দলের অন্যতম সদস্য রাজশ্রী লাহিড়ীর ছবি রয়েছে স্মৃতি ইরানীর সঙ্গে। আরেকজন সদস্য রাজেশ জৈন সুরানার ছবি রয়েছে কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ছবি রয়েছে গুপ্তদলের সদস্যা সাবিতা চৌধুরির। এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে গুপ্তদলের অন্যতম সদস্যা রশ্মি গান্ধির ছবি সামনে এসেছে।
সন্তোষ কুমার আরও দাবি করেছেন যে, এইসব ধ্বংসাত্মক কাজের বিষয়ে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভালভাবেই অবগত আছেন। তিনি বলেন যে, ‘আমি দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গে অস্ত্র কারখানা তৈরি ও সেইসঙ্গে মন্দিরগুলিতে কিভাবে গোমাংস ফেলে উত্তেজনা তৈরি করা যায়, তার নীল নকশা জমা দিয়েছি।’
এখানেই শেষ নয়, বিজেপি’র এই কর্মসূচী সম্পর্কে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদেরও জানানো হয়েছে। রাজনাথ সিংকে বিষয়টি জানিয়ে একটি চিঠিও লেখা হয়েছে বলে দাবি করা করেছেন ওই বিজেপি নেতা।
প্রসঙ্গত, এই সমস্ত তথ্যই ওই বেসরকারি সংবাদ মাধ্যমকে দিয়েছেন সন্তোষ কুমার। তবে বিষয়টি আদৌ সত্য কিনা সেটা যাচাই করে দেখছে পুলিশ প্রশাসন।



