বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে বিএনপি ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে বরং উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে অপরাজনীতি করছে। নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, স্মরণকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। যার যার মতো সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছে। অথচ এমন ভয়াবহ ঘটনাও বিএনপির অনুভূতিকে নাড়া দিতে পারেনি। ক্ষমতার মোহে অন্ধ বিএনপি নেতৃবৃন্দের অনুভূতি ভোতা হয়ে গেছে।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিদুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই দুর্ঘটনার পেছনে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিসন্ত্রাসের প্রতি বিএনপির এক ধরনের দুর্বলতা রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অতীত ইতিহাস থেকে দেখা যায়, বিএনপি তাদের তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় জনস্বার্থ বিঘ্নিত করার লক্ষ্যে সন্ত্রাস ও নাশকতার পথ বেছে নিয়েছে। অভিনব কায়দায় অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ, নিরীহ ও শ্রমজীবী মানুষকে হত্যা করেছে। অগ্নিসন্ত্রাসের প্রতি বিএনপির এক ধরনের দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা থেকে বিএনপি নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে এসব অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



