পেপারওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পেপারওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

দেশের উন্নয়নের লক্ষ্যে শুধু পরিকল্পনা ও পেপারওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক কাজ করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী আজ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান।

মন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজ করার সময় পরিকল্পনা এবং কাগজপত্র ঠিক করতেই অনেক সময় চলে যায়। এজন্য কাজের সুফল পেতে অনেক দেরি হয়। তাই দ্রুততম সময়ে বাস্তবভিত্তিক কাজ করার ওপর জোর দেন তিনি। মন্ত্রণালয়ের অধীন সকল প্রতিষ্ঠানকে স্বনির্ভর হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দুর্নীতি কখনোই জাতির জন্য শুভকর কিছু বয়ে আনতে পারে না। এজন্য স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত থাকতে হবে এবং সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি এ সময় সবাইকে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে হবে।

পরে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী এতিমদের মাঝে বস্ত্র বিতরণ করেন এবং বঙ্গবন্ধু-সহ তাঁর পরিবার-পরিজন এবং অন্যান্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এর আগে তাঁরা পল্লী ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।