× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় হান্নান শাহ

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে শুক্রবার জানাজা শেষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তাঁর গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। মরহুমের কবরে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা আ স ম হান্নান শাহর কফিনবাহী গাড়ি গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে এসে পৌঁছায়। মরহুমের লাশ সেখানে কালো কাপড় দিয়ে অস্থায়ীভাবে তৈরি মঞ্চে রাখা হয়। এরপর ওই মাঠে সকাল ৯টা ২০ মিনিটে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মনির আহমেদ খান মরহুমের জানাজা পড়ান। জানাজায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, হান্নান শাহর ছেলে শাহ রেজাউল হান্নান ও রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. মনিরুল ইসলাম মনি প্রমুখ বক্তব্য দেন।

এরপর সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও জুমার নামাজের পর বিকেল ৩টা ২০ মিনিটে গ্রামের বাড়ির ঘাগুটিয়ার চালা উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ আসর বাড়ির মসজিদের সামনে হান্নান শাহর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী জানাজা শেষে বিকেলে তাঁকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

দাফনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ১০ সদস্যের একটি দল কবরে আ স ম হান্নান শাহকে গার্ড অব অনার দেয়। পরে তাঁর কবরে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান এবং গাজীপুর জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রিয় নেতার মরদেহ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ গত ২৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তাঁর লাশ দেশে আনা হয়।

মরহুমের পরিবার জানায়, হান্নান শাহ ১৯৪১ সালের ১১ অক্টোবর গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া গ্রামে জন্ম নেন। তিনি ১৯৯১-১৯৯৫ সালে বিএনপির শাসনামলে পাটমন্ত্রী ছিলেন। তাঁর বাবা ফকির আবদুল মান্নান পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং তৎকালীন খাদ্য ও কৃষিমন্ত্রী ছিলেন। তিন ভাইয়ের মধ্যে হান্নান শাহ ছিলেন সবার বড়। তাঁর ছোট ভাই শাহ আবু নাঈম মোমিনুর রহমান বিচারপতি ছিলেন। অপর ভাই মোবারক শাহ যুক্তরাষ্ট্রে একটি ব্যাংকে উচ্চপদে কর্মরত আছেন। ছোট বোন ডা. আঞ্জুমান আরা বেগম মিনু ঢাকার মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের পরিচালক পদে কর্মরত এবং বড় বোন মৃত আনোয়ারা ইদ্রিস ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বড় ভাইয়ের স্ত্রী।

হান্নান শাহ পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকার মহাখালী নিউ ডিওএইচএসের বাসায় থাকতেন। তিনি স্ত্রী ছাড়াও বড় ছেলে শাহ রেজাউল হান্নান, ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন আক্তার সুমিকে রেখে গেছেন। তাঁর দুই ছেলেই ব্যবসায়ী।


এ ক্যটাগরির আরো খবর..