‘বাংলাদেশের ইতিহাসে রংপুর সিটি নির্বাচন অন্যতম সেরা’

নিজস্ব প্রতিনিধিঃ দেশের ইতিহাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন অন্যতম সেরা। সম্প্রতি অনুষ্ঠিত রসিক নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি)।

ইডব্লিউজির পরিচালক মো. আব্দুল আলীম বলেন, ২০১৩ সালের পর থেকে বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট, ঢাকা এবং সর্বশেষ নারায়নগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আমরা পর্যবেক্ষণ করেছি। সর্বশেষ কুমিল্লা সিটি নির্বাচনেও ছোট ছোট কয়েকটি দুর্ঘটনা আমরা রেকর্ড করেছি। কিন্তু এই নির্বাচনে একটি জাল ভোটের ঘটনা ঘটেনি, কেউ একটা জাল ভোট দেওয়ার চেষ্টাও করেনি। স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলোর সাথে তুলনা করে দেখা গেছে এই নির্বাচনটি এ যাবৎকালের অন্যতম সেরা নির্বাচন। নির্বাচনী প্রক্রিয়ায় এই নির্বাচন অংশীজনদের আস্থা আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযের উপাচার্য ও ইডব্লিউজি’র সদস্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ইডব্লিউজি’র সদস্য মো. আব্দুল আউয়াল ও মো. হারুন-অর-রশীদ এ সময় উপস্থিত ছিলেন।
রসিক নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, নির্বাচনের শুরু থেকে ফল প্রকাশ পর্যন্ত আমরা এলাকায় ছিলাম। স্থানীয় জনসাধারণ, গণমাধ্যমের প্রতিনিধিসহ যারা নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তাদের অনেকের সাথে আমাদের মতবিনিময় হয়েছে। তাদের কাছ থেকে এ জাতীয় কোনো অভিযোগ পাওয়া যায়নি, কিংবা কেউ শুনেছেন বলেও আমাদের জানাননি। সেজন্যে ইলেকশন ওয়াকিং গ্রুপ মনে করে, এ জাতীয় বক্তব্য হয়তো রাজনৈতিক বিবেচনায় প্রদান করা হয়েছে এবং তাদের এই অভিযোগের সাথে মাঠ পর্যায়ের কোনো সম্পর্ক নেই।
এ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে মো. আব্দুল আউয়াল বলেন, নির্বাচন সংক্রান্ত বিধি-বিধানগুলো রাজনৈতিক দলসহ সকলের উচিত শ্রদ্ধার সঙ্গে দেখা ও পালন করা এবং এগুলো তাদের রাজনৈতিক চরিত্রের মধ্যে সম্পৃক্ত করবেন বলে আমরা নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করি।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেসব পূর্বশর্ত তার সবকটিই রংপুর সিটি নির্বাচনে তা বিদ্যমান ছিল। এগুলোকে চর্চায় আনতে হবে। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণ তাদের দিক থেকে যে সদিচ্ছা দেখিয়েছেন, নির্বাচনে সকলের যেমন স্বতস্ফুর্ততা ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচনেও এ ধরনের অবস্থা বিরাজমান থাকবে বলে আশা করা যায়।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, রংপুর সিটি নির্বাচনে একটি কেন্দ্রে অত্যন্ত সফলতার সাথে ইভিএম’র পরীক্ষামূলক ব্যবহার হয়েছে। এখানে সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে ভোটগ্রহণের ১৩ মিনিটের মাথায় এই কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।