পরিবেশ রক্ষায় পলিথিন ও এসইউপি বর্জনের আহ্বান-উপদেষ্টার

পরিবেশ রক্ষায় পলিথিন ও এসইউপি বর্জনের আহ্বান-উপদেষ্টার

টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের (এসইউপি) ক্ষতিকর প্রভাব থেকে সরে আসা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সম্প্রীতির ভাবনায় বৈষম্যহীন আবহে টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বৃক্ষরোপণ, পলিথিন ও এসইউপি বর্জন বিষয়ক আলোচনা এবং প্রকৃতি চিত্রাঙ্কন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘একবার ব্যবহার্য প্লাস্টিক (এসইউপি) ত্যাগ করে পৃথিবীকে সবার জন্য নিরাপদ করতে হবে। নিষিদ্ধ পলিথিন আজই বর্জন করতে হবে। গাছ প্রকৃতির দেয়া সুরক্ষা কবচ; তাই গাছের পরিমাণ বাড়াতে হবে।’

বিদেশি প্রজাতির গাছ আর প্রমোট করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এ আন্দোলনে নেতৃত্ব সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। এই কর্মসূচি আমাদের সচেতনতা বৃদ্ধির এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এই ধরনের উদ্যোগ আমাদের প্রকৃতি সংরক্ষণের পথকে আরও সুদৃঢ় করবে।’

কর্মসূচির বিভিন্ন অংশে শিক্ষার্থী ও পরিবেশবিদরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে, প্রকৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার ভাবনা তাদের শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলেন। এর আগে পরিবেশ ও বন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, উপউপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।