নির্বিচারে সমালোচনা না করে গঠনমূলক ভূমিকা পালনের আহবান প্রধানমন্ত্রীর

নির্বিচারে সমালোচনা না করে গঠনমূলক ভূমিকা পালনের আহবান প্রধানমন্ত্রীর

সংবাদপত্র সমাজের আয়না। সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। সুতরাং, নির্বিচারে সমালোচনা না করে একটি গঠনমূলক ভূমিকা পালন করা উচিত। সাংবাদিক ও সংবাদপত্রে মিথ্যা অভিযোগ করে কাউকে খাটো না করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে(নিউইয়র্ক সময়) এখানকার একটি হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল নাগরিক সংবর্ধণা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, সারা দেশে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশী এবং আমেরিকানরা এ থেকে লাভবান হতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন এবং প্রবাসীরা এতে আরও সুবিধা পাবেন। আমরা সবাইকে ভালো সুযোগ দিচ্ছি। প্রবাসীদের আরও সুবিধা (অন্যদের তুলনায়) দেয়া হচ্ছে। সুতরাং তারা এ সুযোগটি গ্রহণ করতে পারেন এবং বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।’

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার খাদ্য উৎপাদনে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে। বাংলাদেশের জন্য শুধু নয়, অন্য দেশের জন্যও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে যেন এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।

দেশে ও বিদেশে শত্রু তৈরি এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঝুঁকি নেয়া সম্পর্কিত আরেকটি প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, কিছু লোককে বঞ্চিত মানুষের জন্য ঝুঁকি নিতে হয়। আমি যখন ন্যায়বিচার এবং সমতা চাই তখন এটি নিয়ে চিন্তা করে কোনও লাভ হয় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি নাকি বিমানে করে ট্রাঙ্ক ও বস্তা ভর্তি বৈদেশিক মুদ্রা নিয়ে এসেছি। এখন তাদের কাছে আমার প্রশ্ন ট্রাঙ্ক ও বস্তা কোথায় রাখলাম? তিনি বলেন, ‘আমি শুনলাম, কেউ কেউ বলেছে, আমি নাকি কত বস্তা, না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে না কি বিমানে এসেছি। যারা এই কথাগুলো বলেছে, তারা যখন এই বিষয়টা জানে, তো সেই ট্রাঙ্কগুলো গেল কোথায়, রাখলাম কোথায়, কী হল? সেই খোঁজটা তারা একটু দিক।’

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে ১৫০টি সুটকেসে অর্থ ভর্তি করে সৌদি আরবে গিয়েছিলেন এবং সৌদি আরবের লকার ভাড়া করে ওই অর্থ রেখেছেন। তাঁর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে কয়েক লাখ ডলারসহ যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে আটক করা হয়। পরে বাংলাদেশি দূতাবাসের মধ্যস্থতায় তাঁকে মুক্ত করা হয়।

বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র্রেও দুর্নীতির সঙ্গে খালেদা জিয়া ও তাঁর দুই ছেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, তাঁর দুই ছেলে তারেক জিয়া ও কোকো দেশ থেকে অর্থ পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। সরকার তাদের পাচার করা অর্থের একটি অংশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি আমাদের ড্রিম লাইনার সেটা নিয়েই বাংলাদেশ থেকে এসেছি। কেন এসেছি? দুটি কারণ। একটা হচ্ছে এই করোনার সময় আমি যদি অন্য এয়ারলাইন্সে টিকেট করি। তাদেরকে টাকা দিতে হয়। আর আপনারা জানেন আন্তর্জাতিক রুটগুলো করোনার কারণে বন্ধ ছিল। আমাদের বিমানগুলো বসে ছিল। একটা বিমান বসে থাকলে তার মেইনট্যান্সের যে খরচ প্রতিদিন সেটাও কিন্তু একটা বিরাট টাকা খরচ হয়। ’

দ্বিতীয় কারণ সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আর আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি, আলোচনা চলছে, আমরা আইনও করেছি। আইকাও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) এর যে সমস্ত নির্দেশনা সেগুলোও আমরা মেনে চলছি। আমাদের লক্ষ্য নিউ ইয়র্কে আমাদের নিজেদের বিমান আসবে। সেটাও আমরা আনতে চাই। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সেজন্য বললাম আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো। বিমান তো দেশেও বসে আছে। কাজেই আমাদের সঙ্গে আসলো আমাদের ঘরের টাকা ঘরেই থাকলো, বিমানেই পেল। তাছাড়া জেএফকে (জন এফ কেনেডি বিমানবন্দর) ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। ভবিষ্যতেও আসবো কাজেই সেটার প্র্যাকটিসটা বনি করে গেলাম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি করোনা না হলে হয়তো আমরা আরও আগে করতে পারতাম। আমরা সেটা নিয়ে এসেছি। ’

কিছু মানুষ আওয়ামী লীগ সরকারকে অবৈধ হিসেবে আখ্যায়িত করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার প্রশ্ন হল তারা কিভাবে এই কথাগুলো বলার সুযোগ পায়?’ তারা তাঁর সরকারের তৈরি ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে আওয়ামী লীগের সমালোচনার সুযোগ পাচ্ছে। ‘যদি তাদের কোনো আদর্শ থাকে, তারা কখনোই তা করতে পারে না। যারা সরকারের সমালোচনা করছে তারা মূলত বিএনপি-জামায়াত চক্রের কেনা গোলাম।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান এবং এরশাদ দেশের সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল এবং হাইকোর্ট তাদের সরকারকে অবৈধ ঘোষণা করেছে।

তিনি বলেন, জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এতিমদের অর্থ আত্মসাতের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁর ছেলে (তারেক রহমান) ১০ ট্রাক অস্ত্র মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এফবিআই দুর্নীতিতে তাঁদের জড়িত থাকার তথ্য প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে জয়কে (সজীব আহমেদ ওয়াজেদ) অপহরণ ও হত্যার জন্য বিএনপি টাকা দিয়েছিল। কিন্তু, এখন তারা আওয়ামী লীগ সরকারকে অবৈধ বলছে।

তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে ভোট দিয়েছে এবং বিএনপিকে বর্জন করেছে। জনগণের প্রতি বিশ্বাস থাকলে বিএনপিকে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জিয়াউর রহমান প্রথম হ্যাঁ/না ভোট দিয়ে নির্বাচনী ব্যবস্থায় কারচুপি শুরু করেছিলেন, যখন খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তাকেও ছাড়িয়ে যান, ওই নির্বাচনে অন্য কোন রাজনৈতিক দল অংশ নেয়নি এবং জনগণ ভোট কেন্দ্রে যাননি।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।