বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন। তাঁকে যাঁরা নিরাপত্তা দেন, তাঁদের নিয়েই তিনি বেশি চিন্তিত।
আজ শনিবার সকালে নিজ কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করে এসএসএফ। এ ছাড়া বিদেশ থেকে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিয়ে থাকে বাহিনীটি।
সেই বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘সত্যি বলতে আমি নিজের জন্য কখনো চিন্তা করি না। আমার নিজের জন্য যতটা না চিন্তা হয়, আমার নিরাপত্তার জন্য যারা তাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা হয়।’
জঙ্গিবাদ দূর করার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসের কোনো স্থান বাংলার মাটিতে থাকবে না। আমরা চাই আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে। শান্তিপূর্ণ পরিবেশ হলেই উন্নয়নটা দ্রুত করা সম্ভব। দেশকে উন্নত করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা—এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
এসএসএফের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সবার প্রচেষ্টায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখা গেছে।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করেন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়, আর বিএনপির শাসনামলে পিছিয়ে পড়ে। ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল।
‘২০০১ সালে আমি ক্ষমতায় আসতে পারিনি। তার পেছনে কারণ ছিল। আমাদের গ্যাস উত্তোলনের জন্য বিভিন্ন আমেরিকান কোম্পানি এখানে বিনিয়োগ করে, তাদের ইচ্ছা ভারতের কাছে গ্যাস বিক্রি করবে। আর ভারত এই গ্যাস কিনতে চেয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট নিজে আমাকে অনুরোধ করেছিলেন। এমনকি আমেরিকায় রাষ্ট্রীয় সফরেও আমাকে একই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতার লোভে দেশের সম্পদ আমি অন্যের হাতে তুলে দিতে পারি না। তাই আমি রাজি হইনি’, বলেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতাযুদ্ধে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশ এগিয়ে যাবে।



