ঢাকায় নির্মিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বার্ণ হাসপাতাল

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর চানখাঁরপুলে নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ বার্ন হাসপাতাল ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি’ এর কাজ আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি আজ রাজধানীর চানখাঁরপুলে নির্মাণাধীন ‘শেখ হাসিনা  ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী’র নির্মাণকাজ পরিদর্শনকালে একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের উদ্বোধন করবেন বলে জানিয়ে তিনি বলেন, অগ্নিদগ্ধ মানুষের সেবাদানের ক্ষেত্রে ৫০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল দক্ষিণ-পূর্ব এশিয় অঞ্চলে শীর্ষস্থানে পৌঁছাতে সক্ষম হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৩ ও ২০১৪ সালে বিরোধী দলের জ¦ালাও পোড়াও রাজনীতি এবং আগুন সন্ত্রাসের শিকার অগ্নিদগ্ধ নিরীহ মানুষের আর্তনাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমূঢ় করে তুলেছিল। তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ছুটে গিয়েছিলেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। তাঁরই নির্দেশে এদেশে প্রথম আন্তর্জাতিক মানের একটি বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট গড়ে তোলার কাজ হাতে নেয়া হয়। মন্ত্রী বলেন, এই হাসপাতালে দক্ষ এবং প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স চিকিৎসা সেবা দিবেন। একে এমন মানসম্মত করে গড়ে তোলা হবে যেন বিদেশ থেকে রোগীরা এখানে সেবা নিতে আসে।

পরিদর্শনকালে ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে ধারণা দেওয়া হয়। এসময় তাঁকে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আন্তর্জাতিক মানের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে ইতোমধ্যে বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষিণের কাজ শুরু হয়েছে। গত এপ্রিলে এক ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তিন বছর মেয়াদে ধাপে ধাপে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। নির্মাণ কাজ যেন ক্রটিমুক্ত ও বিশ্বমানের হয় সেদিকে সতর্ক থাকার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ইনস্টিটিউটে গবেষণা এবং দক্ষ জনবল সৃষ্টিতে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির উপরও তিনি গুরুত্বারোপ করেন।

এসময় প্রকল্প সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, ঢামেক বার্ন ইউনিটের প্রধান  অধ্যাপক ডা. আবুল কালাম, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজালুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায়সহ মন্ত্রণালয়, ঢামেক হাসপাতাল এবং নির্মাণ সংশ্লিষ্ট সেনাবাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।