ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য সেবা উন্নতিকরণ ও নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে ডিজিটাল ওয়্যারলেস অপারেটিং সিস্টেম চালু করা হয়েছে। বলেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারও হাতে চলে যেত। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। এখন থেকে সব বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এই সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোনো সেট ব্যবহারকারী বা কোনো কর্মকর্তা এই সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে বলে জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।




