মোস্তাফিজুর রহমান উজ্জল,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহে ৫০ বছর ধরে যে রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করতেন, সরকারি সেই গুরুত্বপূর্ন রাস্তাটি এখন বাঁশ ও মোটা মোটা খুটি পুতে ঘেরা। গ্রামের মানুষ স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে না। অনেকটা অবরুদ্ধ জীবন যাপন করছেন কয়েক গ্রামের মানুষ।রাস্তাটি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ঘোপ পাড়া গ্রামে অবস্থিত।
গ্রামবাসি জানান, দেশ স্বাধীনের বহু আগ থেকেই এলাকার মানুষ এই রাস্তা দিয়ে বৈডাঙ্গা বাজারে যাতায়াত করতেন। কিন্তু হঠাৎ ৫০ বছর আগের রাস্তাটির মালিকানা দাবি করে জনৈক তোফাজ্জেল ও সানোয়ার হোসেন রাস্তার উপর মোটা মোটা খুটি পুতে দিয়েছেন। এতে এলাকার মানুষের চরম দূর্ভোগ বৃদ্ধি পেয়েছে।
বিষয়টি নিয়ে সাগান্না ইউনিয়ন ভুমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা গোলাম মহিউদ্দিন জানান, পঞ্চাশ বছরের এই রাস্তাটি হঠাৎ ঘিরে দেওয়া অন্যায়।তিনি আরো বলেন, রেকর্ডে রাস্তাটি অনেক বড় কিন্ত এক মাথায় কোন রেকর্ড নেই। সেটির পরিমান ৫০০ মিটার হবে।এলাকাবাসীর মতে, রাস্তাটি বহু পুরোনো। রের্কড না হওয়ার কোন কারন নেই। রেকর্ড না হওয়ার পেছনে দখলকারীদের হাত থাকতে পারে।
গ্রামের বয়স্ক ব্যাক্তি সেলিম হোসেন জানান, জন্মের পর থেকেই এই রাস্তাটি দেখে আসছি । এখন ক্ষমতার দাপটে জলজ্যান্ত রাস্তাটি ঘিরে ফেলা হয়েছে। গ্রামবাসী মানিক ও শহিদুল জানান, আমরা বাপ দাদার আমল থেকে বহমান এই রাস্তাটি দেখে আসছি। এখন হঠাৎ করে গায়ের জোর খাটিয়ে রাস্তাটি ঘিরে রাখা চরম অন্যায়, বর্তমানে গ্রামবাসীদের বহুদুরের পথ ডাকবাংলা বাজার হয়ে ঘুরে আসতে হচ্ছে।
রাস্তা দখলের বিষয় নিয়ে সাগান্না ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তিনি বলেন, আমি সহ কয়েকজন ইউপি চেয়ারম্যান পরিষদ থেকে সরকারিভাবে এই রাস্তায় মাটি ভরাট করছি। আর এই জমি কিনে কেউ রাস্তা বন্ধ করতে পারে না।তিনি বিষয়টি দেখবেন বলে জানান।