(ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২০) দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় দরিদ্র মানুষদের জীবনযাপনের সুবিধার্থে সরকারি খাস পুকুরের পাড় বাঁধাই করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।
আজ সকালে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, বেদখল হওয়া সরকারি পুকুর দখলমুক্ত করে তা সংস্কার করা হবে। এছাড়া, অবৈধভাবে দখল করে ভরাট করা খাস জলাশয় ও পুকুর উদ্ধারেও জোড় উদ্যোগ নেওয়া হবে। এসব পুকুর-জলাশয় দখলমুক্ত করে সমাজের হত দরিদ্র ভূমিহীনদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে অথবা প্রকৃত মৎস্যজীবীদের বৈধভাবে বরাদ্দ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে জন-বান্ধব সরকার হিসেবে অবহিত করে সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, কিছু পুকুর স্থানীয় দরিদ্র মানুষদের ব্যবহারের জন্যে উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা প্রাত্যহিক প্রয়োজনে তা ব্যবহার করতে পারেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, বেদখল হওয়া জলাশয় ও পুকুর বৈধভাবে ইজারা দেওয়া হলে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সরকার প্রতি বছর রাজস্ব পাবে। অন্যদিকে বরাদ্দ দেওয়া পুকুরসমূহে মাছ চাষের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় পর্যায়ে আমিষের যোগান বৃদ্ধি পাবে।
ভূমিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটির সঞ্চালনা করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী। সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান বেগম উম্মুল হাছনা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ আবদুল হক সহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।