প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের সংখ্যা বেড়ে ১০৬৩ জনে দাঁড়িয়েছে। জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আজ রোববার(০৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান তিনি।
অনলাইন বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩ জন। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া ৬২৪ জন এবং বিভাগীয় পর্যায় থেকে ছাড়া পেয়েছেন ৪৩৯ জন।
এদিকে, এক লাফে সুস্থ ব্যক্তির সংখ্যা সহস্রাধিক হওয়ার বিষয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে আইইডিসিআর বলছে, কাদেরকে সুস্থ বলা হবে সে ব্যাপারে বাংলাদেশের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির দেয়া একটি নতুন গাইডলাইন অনুসরন করা হয়েছে।বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটাই এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘটনা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। ফলে এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১৭৭। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৩৬৮টি ।
বর্তমানে দেশের ৩১টি ল্যাবরেটরিতে করোনাভাইরাস আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে পহেলা মে’র নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়।
এদিকে মারা যাওয়াদের ২ জনের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে। আরেক জনের বয়স ষাট বছরের ওপরে। তাদের একজন রংপুরের বাসিন্দা, আরেকজন নারায়নগঞ্জের।



