কন্দুয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥  নিখোঁজের দুইদিন পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জনি মিয়া (১১) নামে এক স্কুলছাত্রের লাশ বস্তাবন্দি অবস্থায় গ্রামের পুকুরে পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে বস্তাবন্দি অবস্থায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত শিশু জনি মিয়া কেন্দুয়া উপজেলার গগডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও মোজাফরপুর ইউনিয়নের গগডা আটকান্দিয়া গ্রামের ছোবান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের সময় গগডা আটকান্দিয়া গ্রামের নিজ বাড়িতে তার মায়ের সঙ্গে খাবার খায় শিশু জনি। পরে সে খেলাধুলার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। দিনশেষে জনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। কিন্তু জনিকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। পরদিন শনিবারও দিনব্যাপী চলে খোঁজাখুঁজি। নিখোঁজ জনির সন্ধানে এলাকায় মাইকে প্রচারও দেওয়া হয়। তবুও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এদিকে প্রিয় সন্তান জনিকে খোঁজে না পেয়ে তার পিতা-মাতা বারবারই মুর্চা যাচ্ছিল।

গতকাল রবিবার (৯ সেপ্টেম্বর) একই গ্রামের আব্দুল বারেকের পুকুরে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে নেত্রকোনার এএসপি (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী, ওসি (তদন্ত) স্বপন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে। তবে রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।