আজ ১৭ জুলাই আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস

আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস

আজ ১৭ জুলাই আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস। অপরাধের বিচার করে বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য পালিত হয় আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস। মানবতাবিরোধী অপরাধসহ যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে দেশে দেশে দিবসটি পালিত হচ্ছে।

১৯৯৮ সালের ১৭ জুলাই ‘রোম সংবিধি’ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠিত হয়। এ কারণে ১৭ জুলাইকে ‘আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস’ হিসেবে পালন করা হয়। শুরুতে ১২০টি দেশ ভোটের মাধ্যমে ‘রোম সংবিধি’ অনুমোদন করে। ২০০২ সালের ১ জুলাই থেকে আইসিসির কার্যক্রম শুরু হয়। নেদারল্যান্ডসের দ্য হেগ শহর থেকে এই আদালতের কার্যক্রম পরিচালিত হয়। তবে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতো আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সরাসরি জাতিসংঘের সঙ্গে সম্পর্কিত নয়। এটি একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। বর্তমানে ১২৩টি দেশ এর সদস্য। ১৯৯৯ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ‘রোম সংবিধি’র সঙ্গে একাত্ম হয়। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এই চুক্তির সঙ্গে সম্পর্কিত। স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে, রাখাইনের রোহিঙ্গাদের ওপর মিয়ানমার রাষ্ট্রের মানবতাবিরোধী অবস্থান ও দেশটির সেনাবাহিনীর গণহত্যা ও জাতিগত নির্মূলীকরণের অভিযোগ আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা সম্ভব হয়েছে বাংলাদেশ ‘রোম সংবিধি’ স্বাক্ষর করাতে।

মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের মুখে ২০১৬ সালের অক্টোবরে প্রায় লাখখানেক এবং ২০১৭ সালের আগস্টের পর প্রায় সাত লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে আইসিসি রোহিঙ্গাদের মিয়ানমার থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের উদ্যোগ নেয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে ক্ষমতার পটপরিবর্তন হয়। নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সেনাবিরোধী প্রতিটি পক্ষ নিজেদের স্বার্থেই ঐক্যবদ্ধ হয়। এতে দেশটির অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়। গঠিত হয় মিয়ানমারের জান্তা শাসনবিরোধী ‘জাতীয় ঐক্যের সরকার’। তারা আইসিসির এখতিয়ার মেনে নেওয়ার ঘোষণা দেয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংস্থাটির প্রধান কৌঁসুলি করিম খান প্রথমবার বাংলাদেশ সফর করেন। সম্প্রতি তিনি আবারও বাংলাদেশ সফর করন এবং এর আগেরবারের মতোই রোহিঙ্গাদের ওপর চালানো মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

আইসিসি বিচারের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা সংগঠনকে দোষী সাব্যস্ত করতে পারে। এমনকি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারে। তবে নিজস্ব কোনো বাহিনী না থাকায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার বা দণ্ড কার্যকর করতে পারে না আইসিসি। এ জন্য সংস্থাটি সংশ্লিষ্ট রাষ্ট্র ও অপরাপর অন্য রাষ্ট্রকে অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেপ্তারের আহ্বান জানায়। রাশিয়া, চীন, ভারত, যুক্তরাষ্ট্রসহ ৪০টির মতো দেশ আইসিসিকে এখনও স্বীকৃতি দেয়নি। আবার আন্তর্জাতিক অপরাধ আদালত মিয়ানমার, লিবিয়া, সিরিয়া, সুদান, রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও, ইরাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে যুদ্ধ চাপিয়ে আগ্রাসন চালানো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারেনি। একইসঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মানবতাবিরোধী বর্ণবাদী আগ্রাসনের বিরুদ্ধেও জোরালো কোনো পদক্ষেপ নেই। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের সুস্পষ্ট সীমাবদ্ধতা ফুটে ওঠে। আবার এ সময়ে আমরা দেখছি, ভারত, তুরস্ক, রাশিয়াসহ বিভিন্ন দেশে উগ্র ডানপন্থার উত্থান ঘটছে। এ ক্ষেত্রে বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ আন্তর্জাতিক আদালত রায় কার্যকর করতে না পারলেও ন্যায়বিচারের পক্ষে তার অবস্থান বৈশ্বিক জনমত গঠনে নৈতিক বিজয়ের বার্তা দেয়।

‘মানবাধিকারের মূল ভিত্তি বলা হয় ন্যায়বিচার। বৈষম্যহীনতার অধিকার, গ্রেপ্তারকালীন অধিকার বা নারী স্বাধীনতার অধিকারের মূলে রয়েছে ন্যায়বিচারের ধারণা। ন্যায়বিচার নিয়ে অনেক রকম পরস্পরবিরোধী মতবাদ ছিল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার দলিল ও চুক্তিগুলোর মধ্য দিয়ে এখন এটা মোটামুটি স্পষ্ট। ন্যায়বিচার কাগজে থাকা দলিল, সংবিধান বা আইনে থাকা একরকম আর বাস্তব প্রয়োগ অন্যরকম। এর বাস্তব প্রয়োগটা অনেক বড় চ্যালেঞ্জ। সব দেশে সংবিধানে, আইনে ন্যায়বিচারের ধারণা অনেকটা একইরকম। প্রয়োগের ক্ষেত্রে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। আমরা দেখি, যেসব দেশে গণতন্ত্র রয়েছে, বাকস্বাধীনতা রয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, সেখানে ন্যায়বিচার মোটামুটিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়– অন্তত দেশের ভেতরে অভ্যন্তরীণভাবে। এই উপাদানগুলো না থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তখন দেখা যায়, সমাজের ক্ষমতাশালী মানুষের জন্য একরকম আইনগত বিচার হয় আর অসহায় মানুষের জন্য অন্য ধরনের বিচার হয়।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের ক্ষেত্রে বিষয়টা অভ্যন্তরীণ ন্যায়বিচারের মতোই। যেসব রাষ্ট্রের ক্ষমতা বেশি, শক্তি বেশি, আর্থিক সক্ষমতা বেশি, তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন এককভাবে প্রয়োগ হয়; আফ্রিকা-এশিয়ার দুর্বল দেশগুলোর ক্ষেত্রে অন্যভাবে প্রয়োগ হয়। এমন অভিযোগ রয়েছে। তা ভিত্তিহীন নয়। এ পরিস্থিতি পরিবর্তনের চিন্তা বা তা পরিবর্তনের পক্ষে জনমত ক্রমেই জোরদার হচ্ছে। এখন মানুষ অনেক কিছুই জানতে পারে, তথ্য জানার অধিকার রয়েছে। আন্তর্জাতিক আদালতে আফ্রিকান দেশের বিচার হয়েছে। এখন প্রশ্ন উঠছে– বুশ, ব্লেয়ারদের বিচার কেন হবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায়বিচারের যে ভঙ্গুর অবস্থা বা দুর্বল দিক রয়েছে, তা উন্মোচিত করার ক্ষেত্রে এই জনমত বিরাট ভূমিকা রাখছে। অভ্যন্তরীণ বা বিশেষত আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব কিনা, তা জানি না। এর লক্ষ্যে আমাদের ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।