আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় অপহরনের ২২দিন পর অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করা হয়েছে।
পরিবার ও থানা সুত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে পলীবিদুৎ এর শ্রমিকের কাজ করতে আসে নাটোর জেলার সিংরা থানার মারিয়া গ্রামের মোতালেব প্রমানিকের ছেলে শামীম প্রমানিক(২১)। ওই এলাকায় থাকা অবস্থায় শামীম অশোকসেন গ্রামের মঙ্গল হালদারের মেয়ে ও শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী অন্তরা হালদারকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রেমের প্রস্তাবে অন্তরা সারা না দেয়ায় গত ৭ জানুয়ারী স্কুল থেকে আসার পথে স্কুলছাত্রী অন্তরাকে শামীম অপহরন করে নিয়ে যায়।
অপহরনের পরে ছাত্রীর পিতা মঙ্গল হালদার ৮ই জানুয়ারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অপহরন মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুদ্দিন গোপনসংবাদের ভিত্তিতে ২৮জানুয়ারী অভিযান চালিয়ে পাবনা জেলার ঈশ্বরদী জয়নগর এলাকা থেকে অপহরনকারী শামীমকে গ্রেফতার করে এবং অপহৃতা অন্তরাকেও উদ্ধার করেন। তাদের উভয়কে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে অপহরনকারীকে আদালতে ও অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।




