মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল(যশোর): প্রায় আড়াই বছর পর দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে পরিচালক(ট্রাফিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে মোঃ মনিরুজ্জামানকে।
গত ০৫ আগস্ট জন প্রশাসন মন্ত্রনালয়ের একটি প্রজ্ঞাপনে তাকে বেনাপোল বন্দরের পরিচালক(ট্রাফিক) পদে নিয়োগ দেওয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি নতুন কর্মস্থল বেনাপোল বন্দরে যোগ দান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দরের খণ্ডকালীন সদস্য সৈয়দ জাহিদুল ইসলাম।
এর আগে মোঃ মনিরুজ্জামান চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
এদিকে মোঃ মনিরুজ্জামানের আগেও বেনাপোল বন্দরে একজনকে বন্দরের পরিচালক(ট্রাফিক) পদে নিয়োগ দেওয়া হলেও গত দুই বছরে তিনি একদিনও কর্মস্থলে যোগ দেয়নি। ফলে প্রায় আড়াই বছর পরিচালক বিহীন চলেছে বেনাপোল স্থলবন্দর।
বন্দর বহারকারীরা বলছেন, বন্দরের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে পারেন না ভারপ্রাপ্ত পরিচালক। যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে ঢাকার প্রধান কার্যালয়ের দিকে তাঁকে চেয়ে থাকতে হয়। ওখান থেকে দিকনির্দেশনা আসার পর কাজ হয় বন্দরে। এতে দ্রুত বাণিজ্য সম্প্রসারনে বিভিন্ন বাঁধা হয়ে দাড়াতো।
বেনাপোল আমদানি রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দরটিতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে স্থল পথে যে আমদানি-রফতানি বাণিজ হয় তার ৭৫ ভাগ সম্পাদন হয়। তবে বার বার পরিচালকে রদবদল হলেও বন্দরের নিরাপত্তা ব্যবস্থার তেমন কোনো পরিবর্তন দেখি না। অব্যবস্থাপনায় বার বার ঘটছে বন্দরে অগ্নিকান্ড। অবৈধ অনুপ্রবেশ থাকায় নিরাপত্তাহীনতার মধ্যেও পড়েছে আমদানি বাণিজ্য। বন্দরটিতে নতুন দায়িত্ব গ্রহণকারী কর্মকর্তা অব্যবস্থাপনাসহ নানা বিষয়ের প্রতি নজরদারি বাড়িয়ে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করবেন বলে আশা করেন তিনি।



