উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ১ কেজি গাজাসহ হাফিজুর রহমান নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়,নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বজলু মিয়ার পুত্র হাফিজুর রহমান (১৯) দীর্ঘ দিন যাবত ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের লন্ডন প্রবাসী আজিজুর রহমানের বাড়ীতে বসবাস করে আসছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী। শনিবার ঈদের দিন হাফিজুর গাজা ও মাদকের ডিলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের আরজু মিয়ার পুত্র রায়েছ মিয়ার কাছ থেকে এক কেজি গাজা বিক্রির জন্য ক্রয় করে ইনাতগঞ্জ বাজারে আসার আগেই গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহা একদল পুলিশ নিয়ে ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের সামন থেকে তাকে আটক করেন।
এ সময় তার শরীর তল্লাসী করে ১কেজি গাজা উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসআই ধর্মজিৎ সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান,মাদকের ডিলার জিয়াপুর গ্রামের রায়েছ ও গ্রেফতারকৃত হাফিজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। খুব শ্রীঘ্রই রায়েছকে গ্রেফতার করা হবে।



