দেশে নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেক দূর যেতে হবে : সুজন

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেক দূর যেতে হবে। এ ব্যাপারে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এ চেষ্টা অব্যাহত থাকবে। সুজনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ কথা বলেন। : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ, সুজনের পথচলা ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক ওই মতবিনিময় সভাটি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম প্রমুখ। অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, সুজন নাগরিকদের সংগঠন। নাগরিকদের সংগঠনের কোনো নিবন্ধন লাগে না। তাই সুজনেরও নিবন্ধন নেই। ২০০০ সাল থেকে সুজন রাজনৈতিক ও নির্বাচনি সংস্কারে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে কাজ করছে। ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তারই ফসল। : সুজন সম্পাদক বলেন, ২০০৪ ও ২০০৫ সালে নির্বাচনি ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য সুজনের পক্ষ থেকে বেশকিছু সংস্কার প্রস্তাব দেয়া হয়। পরে ওইসব প্রস্তাব আওয়ামী লীগ ও সমমনা দলগুলোও তাদের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করে। যদিও আওয়ামী লীগ এখন সেগুলো মানছে না। : তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনেও প্রার্থীদের আয়কর রিটার্ন প্রকাশ করতে হয় না। কিন্তু বাংলাদেশে সুজনের আন্দোলনের কারণে স্থানীয় সরকার নির্বাচনেও তা প্রকাশ করতে হয়। ফলে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে জানতে পারেন। : আলোচনা সভার আগে সুজনের যেসব সংগঠক ও শুভাকাক্সক্ষী মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করে সুজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।