ঝিনাইদহ প্রতিনিধি॥ ৫ জানুয়ারি’২০১৬: ঝিনাইদহের একটি আদালত হত্যা মামলায় সাক্ষ্য প্রদান না করায় সদর হাসপাতালের সাবেক চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমানকে ২৫০ টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অপরাহ্নে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন। আদালতের আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ঝিনাইদহের সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৬ অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে স্বামী মিজানুর রহমানের বাড়িতে খুন হন এক সন্তানের জননী রেকসনা। যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হয় তাকে। এ খুনের ঘটনায় নিহতের ভাই যশোরের চৌগাছার হায়াতপুর গ্রামের মো. আলাউদ্দিন বাদি হয়ে একই বছরের ১৯ নভেম্বর ঝিনাইদহ সিনিয়র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। খুনের ঘটনার একদিন পর ২৭ অক্টোবর নিহতের ময়না তদন্ত করেন ঝিনাইদহ সদর হাসপাতালের সে সময়কার মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান। ওই মামলা আদালতে বিচার শুরু হলে সাক্ষিদের সাক্ষ্য গ্রহন শুরু হয়।
সুত্র মতে সাক্ষ্য গ্রহনের জন্য এ পর্যন্ত ৭৪ বার তারিখ পরির্বতন করা হয়েছে। সবশেষ ২০১৬ সালের ৮ আগষ্ট সাক্ষ্য প্রদানের জন্য তার প্রতি সমন পাঠানো হয়। এর আগে তাকে ব্যক্তিগত ভাবে আদালতে হাজির হয়ে কারন দর্শানোর জন্য নির্দেশ দেন আদালত। অথচ ওই ডাক্তার আদেশ অমান্য করে আদালতে উপস্থিত হননি। এতে মামলাটি নিস্পত্তিতে বিঘœ সৃষ্টি হয়।
আদালতের একটি সুত্র মতে বিকেলের দিকে ওই ডাক্তারের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। বিশেষ একটি সুত্র জানায় দন্ডিত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সমিশন ইউনিটে কর্মরত আছেন। তার বাড়ি জেলা শহরের হামদহ এলাকায়।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম জানান, আদালতের আদেশের কপি আমি এখনও পায়নি। কপি পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।