নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সংকট মিয়ানমার সৃষ্টি করেছে, তাদেরকেই এর সমাধান বের করতে হবে। যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গারা নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাক। বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে তাদের মধ্যে দুই দেশের নিরাপত্তা, সন্ত্রাস দমন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় লিসা কার্টিস আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের। এজন্য এ অঞ্চলের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ। রাখাইনে নৃশংসতা ও নিধনযজ্ঞের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে তথ্যপ্রমাণ দরকার। রোহিঙ্গাদের ওপর সহিংসতার প্রামাণ্য দলিল আমরা সংগ্রহ করছি। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিবেচনা করা হবে। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারকে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। রাখাইন রাজ্যের পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে যৌথভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র সরকার।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন।
অপরদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা সফরে এসে লিসা কার্টিস পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন।
লিসা কার্টিস তিনদিনের সফরে গত শুক্রবার দুপুরে ঢাকায় আসেন। সফর শেষে রোববার বিকেলে তিনি ফিরে যান। সফরে এসে তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারের একাধিক শিবির পরিদর্শন করেন।



