বঙ্গবন্ধু গণতান্ত্রিক একটি আন্দোলনকে ৭ মার্চের ভাষণের পর সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত করেন। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর জীবন ও ইতিহাস তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ১৯৪৭ সালেই বঙ্গবন্ধু বাঙালি জাতির অধিকার ও স্বাধীনতা চিন্তা করেছিলেন। বঙ্গবন্ধু ২৩ বছর লড়াই সংগ্রাম করেছেন দেশের স্বাধীনতার জন্য। বাংলাদেশের মানুষ যখন ১৯৭০ সালে তাকে ম্যান্ডেট দিয়েছিল, তখন তিনি বলেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাইনা। আমি বাংলার মানুষের স্বাধীনতা চাই’।
সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মোমেন মিল্টন, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ এবং বিএফইউজের কোষাধ্যক্ষ দিপ আজাদ প্রমূখ।



