প্রতিবেশী ডেস্কঃ বিরোধিতা অনেকেই করেছেন। কিন্তু লাগাতার বিরোধিতা চালিয়ে গিয়েছেন শুধু তৃণমূল কংগ্রেস নেত্রী। কেন্দ্রের সাফল্যে তাই বড় ধাক্কা খেলেন মমতাই।
জিএসটি চালুর শুরুতেই বড় সাফল্য পেল কেন্দ্র। আশা ছাড়িয়ে গেল প্রাপ্তি। জিএসটি চালু হওয়ার পরে জুলাই মাসের কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯১ হাজার কোটি। কিন্তু তা টপকে গিয়েছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি মঙ্গলবার যে তথ্য পেশ করেছেন তাতে চলতি মাসে এখনও পর্যন্ত জিএসটি বাবদ কেন্দ্রের প্রাপ্তি ৯২ হাজার ২৮৩ কোটি টাকা।
৩১ জুনের মধ্য রাতে জিএসটি সূচনার অনুষ্ঠান বয়কট করে অনেক বিরোধী দল। সেই তালিকায় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসও ছিল। কিন্তু পরবর্তীকালে জিএসটি নিয়ে বড় বিরোধিতার সুর দেখা গিয়েছে তৃণমূলনেত্রীর গলায়। সম্প্রতি, পটনায় লালুপ্রসাদের জনসভাতেও জিএসটি নিয়ে সুর চড়ান বাংলার মুখ্যমন্ত্রী।
কিন্তু তার ক’দিনের মধ্যেই যে তথ্য কেন্দ্র প্রকাশ করল তাতে জিএসটি জমানার সূচনা ভাল হয়েছে বলতে হবে। জেটলি জানিয়েছেন, প্রথম বার জিএসটি জমা পড়ার হিসেব বলছে, সিজিএসটি (কেন্দ্রের জিএসটি) বাবদ জমা পড়েছে ১৪ হাজার ৮৯৪ কোটি টাকা আর এসজিএসটি (রাজ্যের জিএসটি) জমা পড়েছে ২২ হাজার ৭২২ কোটি টাকা। বাকি ৪৭ হাজার ৪৬৯ কোটি টাকা আদায় হয়েছে সম্মিলিত জিএসটি (আইজিএসটি) বাবদ।
উল্লেখ্য, জুলাই মাসের জিএসটি জমা করার শেষ দিন ছিল ২৫ অগস্ট। জেটলি জানিয়েছেন, কেন্দ্র প্রথমবারের আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল ৯১ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, শুধু জুলাই মাসেই জিএসটি জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৫৯ লাখ ৫৭ হাজার করদাতা। এর মধ্যে জিএসটি দিয়েছেন ৩৮ লাখ ৩৮ হাজার জন অর্থাৎ রেজিস্টার্ড করদাতার ৬৪.৪২ শতাংশ।


