নিউইয়র্ক সফররত বাংলাদেশের অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। ককাস প্রতিনিধি দলটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে অংশ নিতেই নিউইয়র্কে অবস্থান করছে।
ফোরামের বিভিন্ন অধিবেশনে ককাস জোরালোভাবে স্বপ্নদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামগ্রিক উন্নয়ন বিশেষ করে এসডিজি বাস্তবায়নের চিত্র তুলে ধরে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ আরো বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশের অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান মো. ইসরাফিল আলম এমপি’র নেতৃতে একটি প্রতিনিধি দল সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে (এইচএলপিএফ) উপস্থিত ছিলেন এবং এসডিজি-এর অভিবাসন সংক্রান্ত লক্ষ্য সম্পর্কে বাংলাদেশের উদ্যোগ ও অর্জন সম্পর্কে বক্তব্য তুলে ধরে।
জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে কাকাস সদস্যের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রবাসীরা তাদের মধ্যে সংসদীয় ককাসকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তারা প্রতিনিধি দলের সাথে অভিবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ককাস প্রতিনিধি দলটি গতকাল শনিবার (১৩ জুলাই) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিজ সাদিয়া ফয়জুন্নেসার সঙ্গে বৈঠক করেন।
এ সময় মাসুদ বিন মোমেন ও সাদিয়া ফয়জুন্নেসা জাতিসংঘের এসডিজি বিষয়ক ফোরাম অধিবেশনে ককাসের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা আন্তর্জাতিক ফোরামে ককাসের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কর্মকর্তারা জানান, তারা নিউইয়র্কে অভিবাসী বাংলাদেশিদের জন্য আরো ভালো কনস্যুলার ও কল্যাণ সেবা প্রদান করছে।
তারা জানান, নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা ‘পাওয়ার অব অ্যাটর্নি’র মাধ্যমে বাংলাদেশে তাদের সম্পত্তি স্থানান্তরিত বা বিক্রি করার কারণে তার প্রত্যয়নপত্রের জন্য কনস্যুলেটের রাষ্ট্রদূতকে ক্রমবর্ধমানভাবে জমা দিচ্ছে।
হন্ডির মতো অনানুষ্ঠানিক চ্যানেলে অর্থ লেনদেন রোধে অধিকতর কঠোর পদক্ষেপ গ্রহণ করার ওপরও জোর দেন তারা।
এ সময় ককাস চেয়ারম্যান ইসরাফিল আলম এমপি ছাড়াও অন্যদের মধ্যে সংসদীয় ককাস সদস্য ও সাবেক এমপি মিজ মেহজাবিন খালেদ এবং ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকও উপস্থিত ছিলেন।



