প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অতি জরুরি। তাদের চিকিৎসা সেবায় এ বিষয়টি সবার আগে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। বলেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের বদরপুরের বাসভবন আফসানা মঞ্জিলে উপস্থিত চিকিৎসক প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকরা নিজেদের সুরক্ষার বিষয়টি নিয়ে শঙ্কিত ছিলেন। চিকিৎসকেরাই যদি শঙ্কিত থাকেন তাহলে সাধারণ রোগীরা আরও আতঙ্কিত হয়ে পড়েন। এই কারণে তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে সবার আগে।
এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) এর করোনা ডেডিকেটেড হাসপাতালের কর্মরত চিকিৎসকদের জন্য এন-৯৫ মাস্ক দু’টি বান্ডিলে ১শ দশটি মাস্ক তুলে দেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজ উদ্যোগে তাদের জন্য এসব মাস্ক এনে সরবরাহ করা হয়েছে। ফরিদপুরে এখন চিকিৎসকদের আগের সেই সংকট কেটে গেছে আশা করি। করোনা ভাইরাসের চিকিৎসায় কার্যকরী মাস্ক খুবই জরুরি চিকিৎসকদের জন্য।
এ সময় ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, ফমেকের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম, বিএমএ ফরিদপুরের সভাপতি ডা. জাহাঙ্গির হোসেন টিটো চৌধুরী, সাধারন সম্পাদক ডাঃ মাহফুজুর রহমান বুলু, ডাঃ গনপতি বিশ্বাস শুভ, জেলা যুবলীগের আহবায়ক এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।


