নরেন্দ্র মোদি ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে একথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
মঙ্গলবার নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছি। জানিয়েছি, এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ় ভাবে ইসরায়েলের পাশে রয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে।’ শনিবার হামাসের রকেট হামলার পরেই তাৎপর্যপূর্ণ ভাবে নয়াদিল্লির দীর্ঘ দিনের কূটনৈতিক ভারসাম্যের নীতি থেকে সরে এসে প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তার পরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর এই অবস্থান নিয়ে।
২০১৭ সালে ইসরায়েল সফরের সময় থেকেই মোদির সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকাশ্যে মোদিকে ‘দোস্ত’ বলেও সম্বোধন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বলেছেন ‘বিপ্লবী নেতা’ও! ২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফরের সময় যৌথ বিবৃতিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের’ অঙ্গীকার করেছিল নয়াদিল্লি এবং তেল আবিব।
উল্লেখ্য, হামাস-ইসরায়েলের সংঘাতে সবশেষ প্রতিবেদন অনুযায়ী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৭৬৫ জন ফিলিস্তিনি মারা গেছেন এবং আহত হয়েছেন ৪ হাজারের বেশি।

