স্টাফ রিপোর্টারঃ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বললেন, রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি যোগ দিতে পারে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত হান্নান শাহর স্মরণসভায় এমন আভাস দেন তিনি।
আগামীকাল শনিবার ও পরশু রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেই কাউন্সিলে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বিএনপিকে আমন্ত্রণ জানায়।
এর একদিন পর বিএনপির যুগ্ম মহাসচিব আলাল বলেন, ‘আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই…এবং সৌজন্যবোধের কারণে টেলিফোন করে দুঃখও প্রকাশ করেন নাই যে, আমরা এই কারণে আসতে পারলাম না।’
‘কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল যে একটি উদার, গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাআল্লাহ।’
বিএনপি নেতা হান্নান শাহকে স্মরণ করে আলাল বলেন, বর্তমান রাজনৈতিক প্রক্ষাপটে হান্নান শাহর মতো নেতার অভাব বোধ করবে পুরো জাতি।



