সুস্থ দেহ ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেছেন, ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ ও দেশপ্রেম তৈরি হয়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
শুক্রবার ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও প্রতিভা রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে তাদের বেশি করে উৎসাহিত ও ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করা প্রয়োজন।
তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তাদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা তৈরি করে।
নুরুল ইসলাম মনি আরও বলেন, তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কাজে যুক্ত রাখতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধিও বাড়াতে হবে। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বাড়াতে সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে চিফ হুইপ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাফল্য কামনা করেন। একই সঙ্গে প্রতিযোগিতাটি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুর রহমান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





