ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার ও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানো, চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও জোরদার, নতুন প্রকল্পে সহায়তা এবং দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের পরিধি সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন তারা। একই সঙ্গে ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে বাংলাদেশ সরকারের ১০টি বিমান কেনার বিষয় নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, স্যানিটেশন এবং নগর ব্যবস্থাপনায় ফ্রান্স দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে আসছে। ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের উন্নয়ন অংশীদারত্বকে নতুন পর্যায়ে নেওয়া সম্ভব।

বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে ফ্রান্সের উন্নয়ন সহযোগিতা সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমঁ (এএফডি)-এর চারটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পগুলো হলো—সায়েদাবাদ পানি পরিশোধন প্ল্যান্টের তৃতীয় পর্যায়, ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের তৃতীয় পর্যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন স্যানিটেশন প্রকল্প ফর নর্থ কাট্টলী ক্যাচমেন্ট এবং ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প।

এসব প্রকল্পে ফ্রান্সের পক্ষ থেকে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা অর্থায়ন করা হচ্ছে। পাশাপাশি ফরাসি সহায়তায় দেশের শহর ও পৌর এলাকায় পানি সরবরাহ, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নের লক্ষ্যে ‘ওয়াটার সাপ্লাই, ইনক্লুসিভ স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট ইন আরবান অ্যান্ড টাউনস অব বাংলাদেশ’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।