স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
নিরাপত্তা বাহিনীর সক্ষমতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজন, যৌথ কর্মশালা এবং আইনগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়। দুই পক্ষের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হবে এবং অর্থনৈতিক সহযোগিতায় নতুন সুযোগ তৈরি হবে।
আলোচনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি স্মরণ করেন। তিনি জানান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়া প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে আলজেরিয়ার আগ্রহের কথাও তিনি তুলে ধরেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি আলজেরিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ শিল্পের পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এ ছাড়া বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নেওয়ার বিষয়টি বিবেচনা করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রচলিত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে আদালতে আবেদন করার পরামর্শ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলজেরিয়ার রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ সরকার সন্তুষ্ট। সফরের জন্য উভয় দেশের সুবিধাজনক কূটনৈতিক সময় নির্ধারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশ ও আলজেরিয়া নিরাপত্তা, বাণিজ্য এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





