বিশেষ প্রতিবেদকঃ খাগড়াছড়িতে ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ নামে আরেকটি সংগঠন সৃষ্টির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা অবরোধ পালন করছে পার্বত্য চট্টগ্রাম ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
সংস্কারপন্থীদের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে সংগঠনটি মাদকসন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি’র ব্যানারে এই সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো খাগড়াছড়ি শহরে ঢুকেছে। সকাল থেকে ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশ্যে কোনও যানবাহন ছেড়ে যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পিকেটিংসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচির ঘোষণা করেন ইউপিডিএফের মূল অংশ। একই দিন ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলকে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর দালাল উল্লেখ করে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইউপিডিএফ মূল অংশ। পরে তারা খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকা থেকে চেঙ্গী স্কোয়ার পর্যন্ত লাঠিমিছিল করে।
এর আগে বুধবার সকালে খাগড়াছড়ির একটি কমিউনিটি সেন্টারে দলটির সংস্কারপন্থীদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। বৈঠক থেকে ইউপিডিএফের বর্তমান রাজনৈতিক কার্যকলাপ অগণতান্ত্রিক উল্লেখ করে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।




