ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) : সরকার সকল মৃত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ধর্ম অনুসারে একই ডিজাইনের কবর এবং সমাধি তৈরি করবে। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী আজ রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অচিরেই বীর মুক্তিযোদ্ধাদের সকল নিরাপত্তা সংবলিত ডিজিটাল পরিচয় পত্র প্রদান করা হবে।
মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সদস্য স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছেন। পুলিশ বাহিনীর সদস্যরা এই রাজারবাগ পুলিশ লাইন্সেই ২৫ মার্চ হানাদার বাহিনীকে প্রথম প্রতিরোধ করেছিলেন। তিনি বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীর যে সকল সদস্য স্বাধীনতা যুদ্ধকালীন বাহিনী ত্যাগ করেন এবং যুদ্ধে অংশগ্রহণ না করে যুদ্ধের পর নিজ বাহিনীতে পুনরায় অন্তর্ভুক্ত হন তারা স¦য়ংক্রিয়ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হবেন না।
অবসরপ্রাপ্ত আইজিপি আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুজিব নগর সরকারের গার্ড অভ্ অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম; সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মমিনুল্লাহ পাটোয়ারি, বীর প্রতীক; কাজী জয়নাল আবেদীন, বীর প্রতীক; বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি আব্দুল মাহবুবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর ১৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।



