সংবিধান সংশোধনের ক্ষমতা কমিশনের নেই

বিশেষ প্রতিবেদকঃ  সহায়ক সরকারের প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে দিয়ে কোন লাভ হবে না। কারন সংবিধান সংশোধনের ক্ষমতা কমিশনের নেই। বিএনপির উদ্দেশ্যে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। সরকার তাঁদের সঙ্গে কোনো আলোচনায় যাবে না।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাইন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এস কে রায় বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, সব দলকে নির্বাচন কমিশন আলোচনার জন্য ডেকেছে। নির্বাচন নিয়ে এমন আলোচনার অনন্য দৃষ্টান্ত কোথাও নাই। সুশীল সমাজসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের সাথে পর্যায়ক্রমে সংলাপ হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নাই। সুস্থ জাতি গঠনের জন্য শিশুকে মায়ের দুধ খাওয়ানোর জনসচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। বর্তমান সরকার শিশু পুষ্টির মানোন্নয়নে যেসব পদক্ষেপ হাতে নিয়েছে তার সুফল ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। গত কয়েক বছরে দেশে মাতৃদুগ্ধ পান করানোর হার অনেকাংশে বেড়ে গেছে। পুষ্টিমান উন্নয়নে বাংলাদেশের সাফল্য ভারত ও পাকিস্তানের তুলনায় ঊর্দ্ধে। যুক্তরাজ্যভিত্তিক জার্নাল ল্যানসেট বাংলাদেশের এই সাফল্যকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, সরকারের পদক্ষেপের কারণে দেশে মা ও শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে ব্যাপকভাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দেশের সকল অফিস, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মায়ের দুধ পান করা শিশুর জন্মগত অধিকার। কর্মক্ষেত্রে থেকেও মায়েরা যেন তাদের শিশুকে দুধ পান করাতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা অফিস কর্তৃপক্ষের দায়িত্ব। এর ফলে শিশু পুষ্টির সার্বিক মান আরো বাড়বে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।