যশোরে হোম কোয়ারেন্টাইন হাজার ছাড়িয়েছে

যশোর থেকে আবুল কালাম আজাদ :  যশোরে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে আজই নতুন করে ৫৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে এখনও কাউকে আইসোলেশনে নেয়া হয়নি। যশোরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, গতকাল পর্যন্ত যশোরে ৫৫৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তা আজ বেড়ে দাড়িয়েছে ১ হাজার ১০৮জনে। নতুন করে আজ ৫৫৫জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বিদেশ ফেরত ও তার সহচার্যে আসা এসব লোকজন করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে তাদের এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
এরমধ্যে সদর উপজেলায় ৬৭৬ জন, অভয়নগরে ৪১ জন, চৌগাছায় ২৭ জন, ঝিকরগাছায় ৮২ জন, কেশবপুরে ২২ জন, মনিরামপুরে ৪১ জন, শার্শায় ২০৭জন ও বাঘারপাড়া উপজেলায় ১২জন।
সিভিল সার্জন আরো বলেন, কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১৬জন। এরমধ্যে অভয়নগর উপজেলায় ৭জন ও চৌগাছা উপজেলায় ৯জন। এছাড়া এখন পর্যন্ত আইসোলেশনে নেয়ার মত কাউকে পাওয়া যায়নি। আমরা যাদের তত্ত্ববধানে রেখেছি, তাদের প্রত্যেকের কাছে আমাদের ফোন নাম্বার ও তাদের ফোন নাম্বার আমাদের কাছে রয়েছে।
স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন সকাল ও বিকেলে তাদের খোঁজ নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। সকলে সুস্থ রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে কী কী নিয়ম পালন করতে হবে তাদের সেগুলো বুঝিয়ে দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।