সারাদেশে ২০১৯ সালে ছোট বড় অগ্নিকাণ্ড ঘটেছে প্রায় ২০ হাজার। ২০০৬ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৩৪, দগ্ধ হয়েছেন ১১ হাজার ২ , পুড়েছে পাঁচ হাজার ৫৫২ কোটি টাকার সম্পদ।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ হোসাইন জানান, ঢাকা ও চট্টগ্রামের বহুতল ভবন ও কারখানার প্রায় ৯০ ভাগেই অগ্নি নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে আগুন লাগলে হতাহত ও সম্পদহানীর ঘটনা বেশি হয়। রাসায়নিক গুদামের আগুন যে কতটা ভয়াবহ হতে পারে তার সাক্ষী গত ২০ ফেব্রুয়ারি রাত। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় পারফিউম এর গুদামে লাগা আগুনে প্রাণ হারান ৭৮ জন মানুষ। আহত হন বহু মানুষ। চুরিহাট্টার আগুনের ক্ষত না নিভতেই, এর একমাস পরে গত ২৮ মার্চ রাজধানীর অভিজাত এলাকা বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় প্রাণ হারান ২৬ জন। বছরের শেষভাগে কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন এ পর্যন্ত কেড়ে নিয়েছে ২২টি প্রাণ।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দশজন। পরে গাজীপুরের একটি ফ্যান কারখানার আগুনে মুহূর্তেই ঝলসে যায় দশটি প্রাণ। কর্তৃপক্ষ জানায় দুটি কারখানারই অনুমোদন ছিল না। ছিলো না অগ্নি নির্বাপণের ব্যবস্থা। সকলে সচেতন না হলে ফায়ার সার্ভিসের একার পক্ষে আগুন ঝুঁকি মোকাবিলা সম্ভব নয় বলে জানান সংস্থাটির মহাপরিচালক। আগুন ঝুঁকিতে থাকা বাসভবন ও কারখানার তালিকা করা হলেও সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি, ফলে ঝুঁকি থেকেই গেছে বলে জানান নগর স্থপতি মেহেদী আহমেদ আনসারী। নতুন বছরে ঝুঁকিপূর্ণ সব ধরনের ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান নগরবিদরা।


