খুলনার ১৮ রুটে ২ দিন বাস ও মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা। বিএনপি গণসমাবেশের জন্য এ ঘোষণা।
শুক্রবার (২১ অক্টোবর) থেকে দুদিনের জন্য খুলনার ১৮ রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। বিএনপির অভিযোগ, দলটির আসন্ন মহাসমাবেশকে কেন্দ্র করেই বাস-মিনিবাস বন্ধের এ ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। ওই দিন দুপুরে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ হবে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব জানান, আগামী শুক্র ও শনিবার খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে; শ্রমিক ইউনিয়ন এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব সফিকুল আলম মনা বলেন, শনিবার খুলনার মহাসমাবেশকে ব্যাহত করার জন্যই এ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম ও ময়মনসিংহেও সমাবেশকে বাধাগ্রস্ত করতে ধর্মঘট ডাকা হয়। কিন্তু সমাবেশ বাধাগ্রস্ত করতে পারেনি। খুলনায় এ বাস ধর্মঘট ডেকে পরিস্থিতি ঘোলাটে করতে চায় কেউ কেউ। তবে বিএনপি সমাবেশ আয়োজনে পুরোপুরি প্রস্তুত। যতই বাধা আসুক, খুলনায় বিএনপির মহাসমাবেশ সফল হবেই।




