মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ঢাকা বিভাগের নয় জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হয়েছে।
আজ ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
এসব জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আজ পর্যায়ক্রমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর করোনাভাইরাস পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।
এর আগে গত ৫ ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার এবং ১২ এপ্রিল বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার করোনা সম্পর্কিত খোঁজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



