দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, চীনের সীমান্তবর্তী নেপালের সাতটি জেলার বেশ কিছু অংশ দখল করে নিয়েছে চীন। তাতেও চীনের ক্ষুধা মিটছে না; আগ্রাসী চীন ক্রমশ এগিয়ে আসছে নেপালের অভ্যন্তরে।
পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, নেপালই আজ চাইনিজ আগ্রাসনের সবথেকে বড় উদাহরণে পরিণত হয়েছে। নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও, নিজের ক্ষমতা ধরে রাখার স্বার্থে চাইনিজ আগ্রাসনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, টুঁ-শব্দটি পর্যন্ত করছে না।
বিশেষজ্ঞ মহলের অভিমত, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নির্দেশেই বেজিংয়ের এই দাদাগিরি মুখ বুজে সহ্য করছে কাঠমাণ্ডু। এমনকী চীনের জমি দখলের খবর সংবাদমাধ্যমে প্রকাশ করায়, খুন হতে হয়েছেন নেপালের দেশপ্রেমিক সাংবাদিক বলরাম বানিয়াকে। নেপালের সাংবাদিক মহলের অভিযোগ, চীনের দালাল কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট প্রশাসনের মদতেই ওই সাংবাদিক হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে।
এমনকি নেপালের শাসকদল কমিউনিস্ট পার্টির অন্দরমহলেই এমন অভিযোগ উঠতে শুরু করেছে যে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির হঠকারীতায় নেপালের সাতটি জেলার অনেকটা অংশ দখল করে নিয়েছে চীন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও, চীনের এই আগ্রাসনে নেপাল কমিউনিস্ট পার্টির বেশিরভাগ শীর্ষ নেতাই যে অসন্তুষ্ট, তা নেপালের শিক্ষিত সচেতন মানুষের নিকট আর গোপন নেই।





