মঙ্গলবার ঢাকায় উদ্বোধন হবে অষ্টম রেডিও এশিয়া কনফারেন্স এবং রেডিও সং ফেস্টিভাল। ‘রেডিও অল এরাউন্ড আস: মোর দ্যান জাস্ট আ মিডিয়াম’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ২৯ থেকে ৩১ অক্টোবর তিনদিনের এই আসরের পর্দা উঠবে সকাল দশটায়।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশের টেলিভিশনের সহায়তায় এশীয় প্রশান্ত অঞ্চলের বেতার ও টেলিভিশন সংস্থাগুলোর সম্মিলিত সংগঠন এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন-এবিইউ আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের ৬৩ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার বিকেলে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানান।
এসময় তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান বলেন, ‘এই প্রথমবারের মতো বাংলাদেশে এবিইউ রেডিও এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষজ্ঞরা এমন একটি দেশকে দেখতে পাবেন যে দেশ আজ ডিজিটাল রূপান্তরের সকল চ্যালেঞ্জ গ্রহণ করে একটি মাল্টিমিডিয়া ও মাল্টিপ্ল্যাটফর্ম সমৃদ্ধ তথ্য জগত বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে।’ তথ্যসচিব আবদুল মালেক ও মন্ত্রণালয়ের কর্মকর্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।




