ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ভ্যান চালক বাবার অভাবের সংসার। তাই প্রচন্ড ইচ্ছা থাকার পরও লেখাপড়া করতে পারিনি। সংসারের অভাব মেটানোর তাগিদে প্রাথমিকের গন্ডি না পেরুতেই ছোটবেলা থেকেই কাজের সন্ধ্যান করতে হয়েছে। কিন্ত বয়স কম হওয়ায় কেউ কাজ দেয়নি। অবশেষে এক দোকানে কাঠ মিস্ত্রির কাজ শিখেছি। এখন বাড়িতে কাঠ দিয়ে বিভিন্ন প্রকার সৌখিন আসবাবপত্র তৈরীর মাধ্যমে সংসার চালাচ্ছি। কথাগুলো ঝিনাইদহ কালীগঞ্জের স্বকর্মসংস্থান সৃষ্টিকারী যুবক সূমন দাসের। সে কালীগঞ্জ পৌরসভার ফয়লা মাষ্টারপাড়ার উজ্জ্বল দাসের ছেলে।
সুমন জানায়, আমরা ২ ভাই। ছোট ভাই সুজন দাসও এখন একজন কাঠের আসবাবপত্রের নকশামিস্ত্রি হিসেবে ঢাকার একটি ফার্নিচারের কারখানায় কাজ করে। ২ ভাই যখন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতাম তখন বাবা ভ্যান ঠেলে অনেক কষ্ট করে সংসার চালাতেন। কিছুদিন পরেই বাবা কিডনির জটিল রোগে অসুস্থ হয়ে পড়লে আমাদের সংসারের অভাব আরও জটিল হয়ে দেখা দেয়। তখন আমাদের প্রায়ই অনাহারে অর্ধাহারে দিন কাটতো। এরপর থেকে পরিবারের প্রয়োজনে আমরা ২ ভাই ছোটবেলা থেকে কাজে লেগে যায়। সুমন দুঃখ করে জানায়, যখন বন্ধুরা বই বুকে নিয়ে স্কুলে যেতো তখন মনের মধ্যে খুব খারাপ লাগতো। এদিকে সংসারের অভাবের কথা চিন্তা করেও কিছু করার ছিল না। সে জানায় কোন কাজই ছোট নয়। বরং যারা কোন কাজ না করে বেকারের ধোয়া তুলে বসে থাকে তারাই সংসার জীবনে গিয়ে অভাবের কবলে পড়ে দিশেহারা হয়ে যায়। সে আরো জানায়, বাজারে ঘর ভাড়া নিয়ে ফার্নিচারের আড়ৎ দেয়ার মত অর্থ এখনও হয়নি।
তবে বাড়িতে কাঠ কিনে অর্ডার নিয়ে কাজ করে বিক্রি করে থাকি। আর যখন অর্র্ডার থাকে না তখনও বাড়িতে আলমারী, শোকেস, ডেসিং টেবিল, আলনাসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরী করে আশপাশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠান ও মেলাতে নিয়ে বিক্রি করি। এ থেকে অর্ডারী মালের চেয়ে কম লাভ হলেও সারাবছরের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়। আর ছোট ভাই সুজন ঢাকার ফার্নিচারের আড়তে ডিজাইন মিস্ত্রি হিসেবে কাজ করে বেশ পয়সা রোজগার করছে। এখন দুই ভাইয়ের রোজগারে ভালো ভাবে সংসার চলছে।
সুমন দাসের বাবা উজ্জ্বল দাস জানান, ছেলেরা যখন ছোট ছিল। তাদেরকে স্কুলে দিয়েছিলাম। আশা ছিল নিজে ভ্যান চালিয়ে যত কষ্টই হোক না কেন তাদেরকে সাধ্যমত লেখাপড়া শেখাবো। কিন্ত সে আশা পূরণ হয়নি। কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে আমার সংসারের সবকিছু এলোমেলো হয়ে যায়। অসুস্থতার জন্য অভাবে পড়ে ছেলে দুটিকে কাজে দিতে বাধ্য হই। এখনও আমি খুব একটা সুস্থ নয়। এখন সংসারের অভাব বিতাড়িত হয়েছে ঠিকই কিন্ত আমার মনের আশা পূরন হয়নি।
সুমনের মা মালতি রানী দাসী জানান, সুমন আর সুজনের ছোটবেলায় লেখাপড়ার প্রতি অত্যন্ত আগ্রহ ছিল। আশা ছিল যতদুর সম্ভব লেখাপড়া শেখাবেন। কিন্ত এটা তাদের বাবার শারীরিক অসুস্থতার কারনে সম্ভব হয়নি। তিনি আরও জানান, এক সময় তার সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। আজ দুই ছেলে নিজেরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে অর্থ রোজগার করছে। এখন সংসার থেকে অভাব বিদায় নিয়েছে ঠিকই কিন্ত তাদের মনের আশা পূরণ করতে পারিনি। তিনি আরও জানান, সুমন বাড়িতে যখন বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরীর কাজ করে তখন আমি আমার সাংসারিক কাজ শেষে তার কাজে সাধ্যমত সাহায্যের চেষ্টা করি।
প্রতিবেশি জুয়েল রানা জানায়, বাবার অসুস্থতার কারনে ছোটবেলায় সুমন এবং সূজন খুব কষ্ট করেছে। দেখেছি অনেক সময় তাদের অনাহারে অর্ধাহারে দিন কেটেছে। কিন্ত তারা দু’ভাই অত্যন্ত ভদ্র ও কর্মঠ। খুব অল্প বয়সেই পরিবারের প্রয়োজনে তাদেরকে কাজে লাগতে হয়েছে। বসে না থেকে এখন তারা যেভাবে স্বকর্মসংস্থান তৈরী করে সংসারের সুদিন ফিরিয়ে এনেছে এজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়।




