ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া ও জেলা যুবদলের সভাপতি এম কামরুল ইসলামসহ ৫৯ নেতাকর্মীর নামে চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি নেতাকর্মীরা হাজির হলে চার্জ গঠনের ওপর শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্টপক্ষে অংশ নেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল ও আসামী পক্ষে অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল। শুনানি শেষে বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আগামী ২১ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। এই দিন আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন হতে পারে বলে আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল জানিয়েছেন।
আসামী পক্ষের আইনজীবী হুমায়ুন কবির বাবুল জানান, ২০১৫ সালের ২১ জানুয়ারি সকালে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌ-মাথা এলাকায় যাত্রীবাহী বাস আবদুল্লাহ পরিবহনে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওইদিন নলছিটি থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে ৪৯ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বর্তমানে এ মামলার আসামী বিএনপি নেতাকর্মীরা জামিনে রয়েছেন। এসময় আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রশীদ লিয়াকত, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুব দলের যুগ্ম-আহবায় রবিউল হোসেন তুহিন, শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দ্বীন ইসলামসহ বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।



