প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমার বার্তা একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন আমার বাবা দেখেছেন আমি সেটাই করতে চাই।
২০ ডিসেম্বর বুধবার দুপুরে সিলেটের হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষের কল্যাণ হয়, উন্নয়ন হয়। এই মুহূর্তে সিলেটে কোনো ঘরহীন বা ভূমিহীন মানুষ নেই। আমরা এভাবে জনগণের মৌলিক চাহিদা পূরণ করছি। ইনশাল্লাহ, পর্যায়ক্রমে অন্যান্য চাহিদাও পূরণ করা হবে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। তা ধরে রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ এ সরকার গঠন করেছিলাম, বাংলাদেশের জনগণ ২০১৪ তে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আঠারোতে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজকে এই যে সিলেটে আমি এসেছি এই সিলেটে কিন্তু এখন আর কোনো ভূমিহীন-গৃহহীন মানুষ নাই। প্রত্যেকটা ভূমিহীন-গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, অগ্নিসন্ত্রাসীদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়। আর তাই বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে তারা সাড়া দিচ্ছেন না।ইনশাল্লাহ দ্বাদশ সংসদ নির্বাচনেও জনগণ আমাদের ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানেরবিজি-৬০১ এর একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





